ভয়শূন্য চিত্তে ছায়ানটের নববর্ষের আহ্বান
ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৮:০৮
নতুন সূর্যের আহ্বানে আবারও দুয়ারে কড়া নাড়ছে ১৪৩৩ বঙ্গাব্দ। বরাবরের মতোই সকল বিভাজন, সংকীর্ণতা ও সংস্কৃতিবিরোধী অপশক্তিকে অতিক্রম করে বাঙালি প্রস্তুত তার সর্ববৃহৎ উৎসব-বাংলা নববর্ষ বরণে।
এই আয়োজনকে কেন্দ্র করে রোববার বিকাল ৪টায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে এসেছে এক মানবিক, উদার ও সাম্যভিত্তিক বিশ্বের স্বপ্ন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, সেই চেতনার আলোতেই আমরা নতুন বছরকে বরণ করতে চাই।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিগত বছরের সব অন্ধকার ও প্রতিকূলতা ঝেড়ে ফেলে নতুন বছর বাঙালির জীবনকে আরও মানবমুখী করে তুলবে।
বিশ্বপরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যখন বাঙালি নিজস্ব সংস্কৃতির আনন্দে বর্ষবরণে প্রস্তুত, তখন বিশ্বজুড়ে যুদ্ধ ও ধ্বংসের বিভীষিকা মানবসভ্যতাকে বিপর্যস্ত করছে। এ অবস্থায় ছায়ানট মানবজাতির শান্তি, কল্যাণ ও সম্প্রীতির প্রত্যাশা জানিয়ে নতুন বছরের প্রাক্কালে এক সম্মিলিত মানবিক অঙ্গীকারের ডাক দিয়েছে।
আগামী পহেলা বৈশাখের ভোর সোয়া ছয়টায় রমনা উদ্যানে সূর্যের প্রথম আলোয় শুরু হবে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। সুর, বাণী ও ছন্দের এই আয়োজন সাজানো হয়েছে প্রকৃতি, মানবতা, দেশপ্রেম এবং লোকজ জীবনের গান দিয়ে। অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হবে বৃটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসংগীতজ্ঞ সলিল চৌধুরী এবং পাকিস্তান বিরোধী আন্দোলনের গীতিকার-সুরকার মতলুব আলীকে।
প্রায় দুইশ শিল্পীর অংশগ্রহণে সাজানো এ আয়োজনে থাকবে ৮টি সম্মেলক, ১৪টি একক সংগীত এবং দুটি আবৃত্তি। দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও দীপ্ত টেলিভিশন। পাশাপাশি প্রথম আলো ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনলাইন প্ল্যাটফর্মে এবং ছায়ানটের ইউটিউব ও ফেসবুক পেইজে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে। বিলম্বিত সম্প্রচার করবে চ্যানেল আই।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণপূর্ত অধিদপ্তরের পাশাপাশি কাজ করছে ছায়ানটের স্বেচ্ছাসেবীরা। সহযোগিতায় রয়েছে থার্টিনথ হুসার্স ওপেন রোভার গ্রুপ ও এজিস সার্ভিসেস লিমিটেড। মঞ্চসজ্জার দায়িত্বে রয়েছেন ছায়ানটের প্রাক্তনী শিল্পী মমিনুল হক দুলু ও রণজিত রায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা এবং যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়।
দীর্ঘদিন ধরে বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে নিয়োজিত ছায়ানট এবারও আহ্বান জানিয়েছে “আমরা নির্বিঘ্নে সংস্কৃতি চর্চা করতে চাই।” এই আহ্বানে সাড়া দিয়ে সংস্কৃতিমনা মানুষের সম্মিলিত অংশগ্রহণেই নববর্ষ হয়ে উঠুক সত্যিকার অর্থে আলোর উৎসব, এমন প্রত্যাশাই ছায়ানটের।
- বিষয় :
- ছায়ানট
- বর্ষবরণ
- পহেলা বৈশাখ
