ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ চায় খেলাঘর

শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ চায় খেলাঘর
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ১৮:২২

দেশজুড়ে হাম-রুবেলার প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর। একইসঙ্গে পানিতে ডুবে বাংলাদেশ এবং যুদ্ধ-বিগ্রহে বিশ্বজুড়ে শিশুমৃত্যুর ঘটনার প্রতিকার ও শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করেছে সংগঠনটি। 

আজ বুধবার খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা এক বিবৃতিতে এ দাবি জানান। তারা বলেন, দেশে হামের প্রাদুর্ভাব বিপজ্জনক চেহারা নিয়েছে। ভাইরাসজনিত রোগটি ও এর উপসর্গে ২২০ জনের বেশি শিশুর মৃত্যু ঘটেছে। অথচ বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, বাংলাদেশে গত দেড় দশকে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ছিল খুবই নগণ্য। কী কারণে হামে আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে শিশু মৃত্যুর হার বেড়ে গেল, সেটি খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। 

বিবৃতিতে বলা হয়, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বেশ কিছুদিন ধরে হাম-রুবেলার টিকা কার্যক্রমের গাফিলতির ভয়াবহ পরিণাম এই রোগের প্রকট প্রাদুর্ভাব। অন্তর্বর্তী সরকারের সময়কার টিকা কেনা নিয়ে নানা জটিলতার কথা শোনা যাচ্ছে। টিকার অভাবে এতগুলো শিশু প্রাণ হারাল। সঠিকভাবে অনুসন্ধান করে এর জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 

খেলাঘর বলেছে, এ বছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু পানিতে ডুবে মারা গেছে। সব শিশুর সুরক্ষায় অভিভাবকদের সচেতন ও সচেষ্ট হওয়ার পাশাপাশি এ বিষয়ে রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। 

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানে ১৬৫ জনের বেশি শিশু হত্যাসহ যুদ্ধ-বিগ্রহে অসংখ্য শিশুর মৃত্যু সংবাদেও আমরা উদ্বিগ্ন। হাজার হাজার শিশু উদ্বাস্তু হয়ে মানবেতর জীবন-যাপন করছে। ‘যুদ্ধ নয় শান্তি চাই’ স্লোগানে খেলাঘর বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে। মারণাস্ত্র তৈরি না করে সে অর্থ দিয়ে বিশ্বে মানসম্মত বিদ্যালয় এবং হাসপাতাল স্থাপনেও সংশ্লিষ্ট সবাইকে আহবান জানাচ্ছে।

আরও পড়ুন

×