ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফিলিস্তিন সংহতি কর্মসূচি থেকে বিশ্ব বিবেকের কাছে ন্যায়বিচার দাবি

ফিলিস্তিন সংহতি কর্মসূচি থেকে বিশ্ব বিবেকের কাছে ন্যায়বিচার দাবি
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৪:১৫

ফিলিস্তিনের চলমান মানবিক পরিস্থিতি, দখলদারিত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের নাগরিক সমাজের প্রতিনিধি, সাবেক ও বর্তমান কুটনীতিকরা। তারা ফিলিস্তিনিদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানান এবং মানবিক সহায়তা বৃদ্ধি ও কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তোলেন।

শনিবার রাতে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’-এর উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের নীতিগত অবস্থান সুস্পষ্ট এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মানবাধিকার রক্ষায় আরও কার্যকর ও নীতিনিষ্ঠ ভূমিকা পালন করা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জিয়াদ এইচ এম হামাদ। তিনি ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বৈশ্বিক সংহতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’-এর চেয়ারম্যান মীর লুৎফুল কবীর সা'দী। তিনি বলেন, সংহতি একটি নৈতিক দায়িত্ব এবং সম্মিলিত নাগরিক উদ্যোগ নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে বাস্তব পরিবর্তন আনতে পারে। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. কবির চৌধুরী ও মস্তুল ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী রিয়াজুর রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গাজায় কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নার্স রওনক ফারহানা এবং গাজা থেকে সরাসরি পরিস্থিতি তুলে ধরেন মারওয়া আদিব।

বক্তারা ফিলিস্তিনে চলমান সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন। তারা মানবিক সহায়তা বাড়ানো, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠন ‘ফ্রেন্ডস অব প্যালেস্টাইন’ এ পর্যন্ত বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বৃত্তি এবং গাজায় ১ কোটি ৬০ লাখ টাকার বেশি ত্রাণ সহায়তা প্রদান করেছে বলে জানানো হয়।

আরও পড়ুন

×