ভেজাল-নকল ওষুধ ও খাদ্য তৈরির কারখানায় র্যাবের অভিযান, জরিমানা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৩:২০
রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় ভেজাল ও নকল ওষুধ-খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল খাদ্যসামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি একটি কারখানা সিলগালা করা হয়েছে।
র্যাব–১০ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এবং র্যাব–১০ এর সিপিসি–১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকীর নেতৃত্বে কদমতলী ও ডেমরা থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কদমতলীর পূর্ব জুরাইন এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে নিম্নমানের ও মানহীন ওষুধ উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নকল শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও প্যাকেটজাত করার দায়ে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ কেজি নকল ঘি এবং বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নামে ব্যবহারের জন্য রাখা এক হাজার খালি টিনের কৌটা জব্দ করা হয়। পরে জব্দ করা পণ্য ধ্বংস করা হয়।
এ ঘটনায় জনপ্রিয় ব্র্যান্ডের নামে নকল ঘি উৎপাদনের অভিযোগে একটি কারখানা সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
- বিষয় :
- রাজধানী
