ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুগদায় মাথাবিহীন ৭ টুকরো লাশ উদ্ধার

মুগদায় মাথাবিহীন ৭ টুকরো লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২০:২০

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি ভবন থেকে এক ব্যক্তির মাথাবিহীন ৭ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে কালো পলিথিনের বস্তার ভেতর থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ জানায়, মান্ডা এলাকার প্রথম গলির একটি তিনতলা ভবনের নিচে বর্জ্য রাখার জন্য তৈরি করা স্থানে পলিথিনের বস্তাবন্দি টুকরো লাশ পড়ে ছিল। কবে থেকে লাশ সেখানে রাখা হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। ভবনটিতে মানুষ বসবাস করে। আজ বেলা সাড়ে ১২টার দিকে বাসিন্দারা দুর্গন্ধ পান। এর উৎস খুঁজতে গিয়ে বস্তাবন্দি লাশ দেখে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করে বিষয়টি জানান। এরপরই মুগদা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে বস্তা খুলে লাশে খণ্ডিত অংশ উদ্ধার করে। তবে মাথা পাওয়া যায়নি। কে বা কারা সেখানে ফেলে রেখেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট ঘটনাস্থলের আলামত সংগ্রহ করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) লাশের আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করে। কিন্তু পরিচয় মেলেনি। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন সমকালকে বলেন, ধারণা করা হচ্ছে অন্তত ৬ দিন আগে হত্যার পর লাশ টুকরো করে পলিথিনের বস্তায় রাখা হয়েছে। মাথা উদ্ধারের চেষ্টা চলছে। তার বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে।

আরও পড়ুন

×