নগর সংলাপে ডিএসসিসি প্রশাসক
রাজধানীকে বাসযোগ্য করতে ৫০% দায়িত্ব নগরবাসীর
আব্দুস সালাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৭:৪৩ | আপডেট: ২৪ মে ২০২৬ | ০৮:৩১
| প্রিন্ট সংস্করণ
রাজধানীকে বাসযোগ্য করতে হলে নগরবাসীকে ৫০ শতাংশ দায়িত্ব পালন করতে হবে। বাকি ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। এভাবে সমন্বিতভাবে কাজ করলে রাজধানীর জলাবদ্ধতা, মশা ও বায়ুদূষণের মতো সমস্যাগুলো নির্মূল করা সম্ভব। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে।
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক নগর সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন?’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে ‘নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ’।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার এবং প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ।
আব্দুস সালাম বলেন, ‘যথাযথ পদক্ষেপ নিলে মশা ৬৫ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব। মানুষ যদি তার ঘরে মশার বংশবিস্তার বন্ধ করে, তাহলে বাইরেরগুলো আমরা নির্মূল করতে পারি। এভাবে ৫০ শতাংশ কাজ যদি নগরবাসী করে, বাকি ৫০ শতাংশ সরকার বা অন্য সংস্থাগুলো করতে পারে।’
ডিএসসিসি প্রশাসকের দাবি, প্রায় ৯৯ শতাংশ মশার জন্ম হয় জলাবদ্ধতা থেকে। তাই জলাবদ্ধতা দূর করতে পারলে ডেঙ্গুর প্রকোপও কমানো সম্ভব। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটিতে প্রথমবারের মতো প্রাক-বর্ষা মশার লার্ভা নিধনে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ৩৬ জন মাঠকর্মী প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জরিপ চালাচ্ছেন। মোট দুই হাজার ২৫০টি বাড়ি থেকে লার্ভার নমুনা সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আগেভাগে চিহ্নিত করা হবে।
মূল প্রবন্ধে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একগুচ্ছ সুপারিশ তুলে ধরেন প্রকৌশলী নুরুল্লাহ। উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে– সিটি করপোরেশনের জন্য ড্রেনেজ জনবল কাঠামো অনুমোদন, ঢাকা ওয়াসার অবসরপ্রাপ্ত জনবলকে জলাবদ্ধতা নিরসনে পরামর্শক নিয়োগ, ড্রেনেজ মহাপরিকল্পনা প্রণয়ন ও তা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা, মেয়রকে সভাপতি করে জলাবদ্ধতা নিরসনবিষয়ক স্টিয়ারিং কমিটি গঠন।
আয়োজন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ড. আলী আফজাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সহসভাপতি শেখ মুহম্মদ মেহেদী আহসান, ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম শহিদ উদ্দিন।
- বিষয় :
- রাজধানী
