কাজীপাড়ার বাসা থেকে তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২১:৫৮
রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়ার বাসা থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নামে জেনি খান (২৪)। আজ মঙ্গলবার দুপুরে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনের সাততলার ফ্ল্যাটের দরজা ভেঙে তার মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন সমকালকে বলেন, পূর্ব কাজীপাড়ার ৫৮৪ নম্বর ভবনে থাকতেন জেনি। তার ফ্ল্যাটের দরজা দুদিন ধরে বন্ধ ছিল। সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে থাকায় বাড়ির মালিকের সন্দেহ হয়। তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে প্রথমে পুলিশ সেখানে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের ডেকে দরজা ভাঙার ব্যবস্থা করা হয়। ভেতরে ঢুকে দেখা যায়, বিছানার ওপর তার মরদেহ পড়ে রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ওসি জানান, এপ্রিলে মুন্না নামে এক যুবকের সঙ্গে ওই বাসায় ওঠেন জেনি। সেই সময় তারা স্বামী–স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। গত রোববার মুন্না বাসা থেকে বের হন। এরপর তাকে আর দেখা যায়নি। তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে পুলিশ। তাকে পেলে এ সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর মিলবে।
এর আগে গত ২ জুন মধ্যরাতে মিরপুর–৬ নম্বর সেকশনের সি–ব্লকের ১০ নম্বর সড়কের বাড়ি থেকে ৫৫ বছর বয়সী সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়। পৈতৃক চারতলা বাড়ির তৃতীয় তলায় একা থাকতেন তিনি। কয়েকদিন ধরে তার কোনো সাড়া না পেয়ে স্বজনরা পুলিশকে বিষয়টি জানান। পরে দরজা ভেঙে পাওয়া যায় অর্ধগলিত মরদেহ।
- বিষয় :
- রাজধানী
- মরদেহ উদ্ধার
