মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, বলাৎকারের আলামত
কক্সবাজার প্রতিনিধি, পেকুয়া ও চকরিয়া সংবাদদাতা
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২২:৩৯
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ফজুমিয়ার চর এলাকার একটি পরিত্যক্ত ডোবাসংলগ্ন ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওয়াহিদুল ইসলাম স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফজুমিয়ার চর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে ওয়াহিদুল মাদ্রাসায় যায়। বেলা একটার দিকে তার বাড়ি ফেরার কথা থাকলেও সে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশ ও জনপ্রতিনিধিদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে শিশুটির শরীরে বলাৎকারের আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
শিশুটির বাবা তৌহিদুল ইসলাম বলেন, ছেলে নিখোঁজ হওয়ার দিনই তাকে সম্ভবত হত্যা করা হয়েছে। পরে মরদেহ ডোবার পানিতে ফেলে রাখা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মাসুদ বলেন, পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সন্দেহের ভিত্তিতে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আটক ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা যাচাই করা হচ্ছে।’
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- কক্সবাজার
