ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজশাহীর আম, কালাই রুটি ও হাঁসের মাংস খেলেন মার্কিন রাষ্ট্রদূত, বললেন দারুণ মজা

রাজশাহীর আম, কালাই রুটি ও হাঁসের মাংস খেলেন মার্কিন রাষ্ট্রদূত, বললেন দারুণ মজা
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ২২:২৮

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহী সফরে এসে খেয়েছেন আম, কালাই রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তা। বলেছেন, রাজশাহীর আম তাজা ও সুস্বাদু। কালাইরুটি খেয়ে বাংলায় বলেন, ‘দারুণ মজা’।

মঙ্গলবার সকালে তিনি উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ বানেশ্বর আমের হাটে যান। তিনি বিভিন্ন আড়ত ও দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ডসহ দূতাবাসের কর্মকর্তারা ছিলেন।
হাটে ঘুরে রাষ্ট্রদূত বিভিন্ন জাতের আম সম্পর্কে জানতে চান। তিনি কয়েক জাতের আমের স্বাদ নেন। এ সময় ব্যবসায়ী ও চাষিরা তাঁকে আম উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির সম্ভাবনা সম্পর্কে জানান।

ব্যবসায়ীরা বলেন, মার্কিন রাষ্ট্রদূতের এ সফর রাজশাহীর আমকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করতে সহায়ক হবে। স্থানীয় কৃষকরা বলেন, বিদেশি কূটনীতিকদের এমন আগ্রহ দেশের কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা বাড়াবে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘রাষ্ট্রদূত হিসেবে রাজশাহীতে এটি আমার প্রথম সফর। এর আগে ২০২০ সালে একবার এসেছিলাম। তবে এবার আমের মৌসুমে এসেছি। রাজশাহীর আমের স্বাদ নিতে চেয়েছি। এখানে আসতে পেরে আমি আনন্দিত।’

রাষ্ট্রদূত আরও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছেন। তাঁর ভাষায়, কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখা ও স্বাদ নেওয়ার অভিজ্ঞতার তুলনা নেই। এতে সবচেয়ে তাজা, বৈচিত্র্যময় ও সেরা পণ্য দেখার সুযোগ পাওয়া যায়। বাংলাদেশের আম রপ্তানি প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, আমেরিকানরা আম খুব পছন্দ করে। তবে যুক্তরাষ্ট্রে সাধারণত হিমায়িত আম বেশি পাওয়া যায়। রাজশাহীর মতো এত তাজা আম পাওয়া কঠিন।

আম রপ্তানির সম্ভাবনা বাড়াতে বাংলাদেশে হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, সারা বছর আম সহজলভ্য রাখতে এবং হিমায়িত আম রপ্তানি বাড়াতে উন্নত হিমাগার ব্যবস্থা দরকার। এতে বাংলাদেশের আম উৎপাদন, সংরক্ষণ ও রপ্তানির সুযোগ আরও বাড়বে।

বিকেলে মার্কিন রাষ্ট্রদূত রাজশাহী নগরীর উপশহর এলাকায় কালাই হাউস নামে একটি দোকানে যান। সেখানে তিনি কালাই রুটি খেয়েছেন হাঁসের মাংস ও বেগুন ভর্তা দিয়ে। খাওয়ার সময় বুড়ো আঙুল উঁচিয়ে বাংলায় বলেন ‘দারুণ মজা’। এ সময় রাষ্ট্রদূত নিজেই কালাই রুটির ছবি তোলেন। এরপর কালাই হাউসের কর্মচারীদের সঙ্গে ছবি তুলেছেন।

আরও পড়ুন

×