সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৫:১৩
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও যাত্রাবাড়ী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা নেন। পরে ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট দেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।
একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে শিশির মুন্নাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি নির্বাচনী প্রচারণামূলক ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা পরিচালনা এবং বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে তিনি প্রতারণা করতেন। এছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ডিবি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে আবারও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
গ্রেপ্তার হওয়া শিশির মুন্নার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
