ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

জুরাইনে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জুরাইনে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১২:১১

রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে নবারুণ গলির একটি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে বিরোধে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর স্থানীয় সূত্র জানায়, খুনের নেপথ্যে রয়েছে মাদক কারবার নিয়ে বিরোধ। 

কুদ্দুসকে হাসপাতালে নেওয়া বাড়ির মালিক কামাল সিকদার জানান, কুদ্দুস পূর্ব জুরাইন বউবাজার এলাকায় সবজি বিক্রি করতেন। রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কুদ্দুসের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে। তার বাবার নাম আব্দুল মালেক। ঢাকার পূর্ব জুরাইনে ভাড়া বাসায় থাকতেন তিনি। তার এক মেয়ে আছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কদমতলী থানার এসআই সোহেল রানা বলেন, বন্ধুদের মধ্যে বিরোধের কারণে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে তথ্য মিলেছে। সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া সম্ভাব্য অন্যান্য কারণগুলো মাথায় রেখে তদন্ত চলছে। 

আরও পড়ুন

×