রাজধানীতে জমজমাট ফল মেলা
ফিরে এলো হারিয়ে যাওয়া বাংলার স্বাদ
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলায় গতকাল বিভিন্ন ফলের সমাহার ঘুরে দেখেন দর্শনার্থীরা স
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ০৯:০৮
| প্রিন্ট সংস্করণ
একসময় গ্রামের পথঘাট, বাড়ির আঙিনা কিংবা পুকুরপাড়ে অবহেলায় জন্মাত আতা, শরিফা, করমচা, কাউফল, গাব কিংবা ডেউয়ার মতো অসংখ্য দেশি ফল। তবে নগরায়ণ, জলবায়ু পরিবর্তন, কৃষিজমির সংকোচন এবং বাণিজ্যিক গুরুত্ব কমে যাওয়ায় এসব ফলের অনেকই ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। সেই হারিয়ে যাওয়া ফলগুলো ফিরছে মানুষের কাছে। কৃষিবিজ্ঞানী, গবেষক ও কৃষি কর্মকর্তাদের উদ্যোগে দেশের নানা অঞ্চলে অপ্রচলিত ফলের চাষ সম্প্রসারিত হচ্ছে। বাজারেও বাড়ছে উপস্থিতি। রাজধানীর খামারবাড়ির কেআইবি চত্বরে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা যেন সেই ফিরে আসারই এক বর্ণিল প্রতিচ্ছবি।
মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে দেশি-বিদেশি শতাধিক ফলের সমারোহ। কোথাও সাজানো রয়েছে পরিচিত আম, কাঁঠাল, লিচু ও জাম। আবার কোথাও দেখা মিলছে এমন সব ফল, যেগুলো অনেকের কাছেই অচেনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলের সামনে ভিড় ছিল সবচেয়ে বেশি। কারণ এখানে একসঙ্গে দেখা মিলছে অর্ধশতাধিক বিলুপ্তপ্রায় ও অপ্রচলিত ফলের। কাউফল, করমচা, ডেউয়া, আঁশফল, গাব, যজ্ঞডুমুর, চাম্বুল, আতা, চালতা, অরবরই, বিলিম্বি, শরিফা, সাতকরা, তৈকর, ডেফল, লুকলুকি ও মুনিয়ার মতো ফল দর্শনার্থীদের ফিরিয়ে নিচ্ছিল শৈশবের স্মৃতিতে। গতকাল মেলা উদ্বোধন করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, একসময় যেসব ফল বিদেশ থেকে আমদানি করতে হতো; এখন সেগুলোর অনেকই দেশে উৎপাদিত হচ্ছে।
- বিষয় :
- ফল
