মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন উপস্থাপিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৫:০৪ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ১৫:০৫
লাইভ অনুষ্ঠানে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুয়া খবর প্রচার করে চাকরি হারিয়েছেন আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা। যাচাই ছাড়া এমন স্পর্শকাতর তথ্য প্রচারের পর তীব্র বিতর্কের মুখে শেষ পর্যন্ত লুজু টিভি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি।
ঘটনাটি ঘটে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচ চলাকালে। সেদিন মাঠে গোল করার পর মেসিকে আবেগঘন ও অশ্রুসিক্ত অবস্থায় দেখা গেলে লাইভ শোতে পেনা দাবি করেন, মেসির বাবা মারা গেছেন এবং এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তবে কিছুক্ষণের মধ্যেই মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন এবং তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন। মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে ফ্লোরেনসিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান। তিনি দাবি করেন, প্রযোজনা টিমের দেওয়া তথ্যের ভিত্তিতেই তিনি লাইভে ওই ঘোষণা দিয়েছিলেন। তবে ভুল তথ্য প্রচারের দায় স্বীকার করে নিয়ে লুজু টিভি থেকে সরে দাঁড়ান তিনি।
পদত্যাগের ঘোষণা দিয়ে পেনা বলেন, ‘মেসি পরিবার যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত। এই মারাত্মক ভুলের দায় স্বীকার করে আমি লুজু টিভি থেকে পদত্যাগ করছি।’
উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার দিনে মাঠে কেঁদে ফেলেছিলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি জানান, ব্যক্তিগত জীবনে একটি কঠিন সময় পার করছেন তিনি। এরপরই হোর্হে মেসির চিকিৎসাধীন থাকার খবরটি প্রকাশ্যে আসে।
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা
- বিশ্বকাপ ফুটবল
