জাকিয়া খান চন্দনার শিল্পকর্ম প্রদর্শনী
অবচেতনের ক্যানভাসে পরাবাস্তব পৃথিবী
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২১:৪০
ক্যানভাসজুড়ে ছড়িয়ে আছে এক অদ্ভুত জগৎ। কোথাও ভেঙে পড়া ডিম্বাকৃতির খোলস থেকে উঁকি দিচ্ছে প্রাণহীন ডালপালা; কোথাও দিগন্ত-বিস্তৃত ঊষর প্রান্তরে দাঁড়িয়ে আছে আদিম পাথুরে মুখাবয়ব; আবার কোথাও জ্যামিতিক কাঠামোর ফাঁক গলে নেমে আসছে পরাবাস্তব আলো। বাস্তব আর স্বপ্নের এই টানাপোড়েন, চেতনা আর অবচেতনের এই যুগলবন্দি নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ‘লা গ্যালারি’তে শুরু হয়েছে শিল্পী জাকিয়া খান চন্দনার একক শিল্পর্কম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘রিয়েলিটি অব দ্য সাবকনশাস মাইন্ড’।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ।
গ্যালারি ঘুরে দেখা যায় ক্যানভাসগুলোতে অ্যাক্রিলিক মাধ্যমের নিখুঁত কাজ। রঙের ব্যবহারে শিল্পী বেশ সংযমী ও পরিপক্ব। মাটি ও প্রকৃতির আদিম টান ফুটিয়ে তুলতে তিনি বেছে নিয়েছেন বাদামি, ওকার (মাটি রং), কমলা, অফ-হোয়াইট, কালো এবং নীলের চমৎকার শেড। প্রতিটি ছবিই দর্শককে দাঁড় করিয়ে দেয় এক গভীর দার্শনিক ভাবনার সামনে। চেনা প্রকৃতিকে চেনা রূপের বাইরে গিয়ে, অবচেতনের এক ভিন্ন আলোয় উপস্থাপন করেছেন তিনি।
শিল্প সমালোচক জাহিদ মোস্তফা এ প্রদর্শনী নিয়ে বলেন, জাকিয়া খান চন্দনার শিল্পকর্ম পরাবাস্তব কল্পনার মাধ্যমে প্রকৃতি, অস্তিত্ব এবং রূপান্তরের এক স্বতন্ত্র ব্যাখ্যা উপস্থাপন করে। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন সমকালীন বাংলাদেশের শিল্পচর্চায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংযোজন।
নিজের শিল্পভাবনা ও ক্যানভাসের পেছনের দর্শন সম্পর্কে শিল্পী বলেন, ‘আমি মূলত প্রকৃতিকে উপজীব্য করে টিকে থাকা ও রূপান্তরের গল্প বলতে চেয়েছি। আমার আঁকা খণ্ডিত ভূদৃশ্যগুলো সৃষ্টি ও ধ্বংসের মধ্যকার চিরন্তন টানাপোড়েনকে তুলে ধরে। ক্যানভাসের এই পরাবাস্তব টেক্সচার আর তুলির আঁচড়ের মাধ্যমে আমি দর্শককে জীবন, বিবর্তন ও নবায়নের চক্র নিয়ে নতুন করে ভাবার আমন্ত্রণ জানাই।
বাস্তবতার চেনা সীমানা পেরিয়ে মানুষের মনের গহিনের অবচেতন রূপকে ক্যানভাসে দেখার এই সুযোগ চলবে আগামী ৮ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
