ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ওরা ছিল বাগানে...

ওরা ছিল বাগানে...
×
×

শিকড় চিলড্রেন্স থিয়েটারের নাটক ‘ওরা ছিল বাগানে’

রেজাউল করিম

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

শিশুদের জন্য একটি বাগান কেবল ফুলে-ফলে সাজানো সবুজ জায়গা নয়; এটি তাদের কল্পনা, আনন্দ, স্বাধীনতা ও বেড়ে ওঠার এক নিজস্ব পৃথিবী। সেই পৃথিবী যখন দখলদারিত্ব, লোভ ও নানা নিষেধের দেয়ালে আটকে যায়, তখন শৈশবের স্বাভাবিক বিকাশও বাধাগ্রস্ত হয়। শিকড় চিলড্রেন্স থিয়েটারের নাটক ‘ওরা ছিল বাগানে’ এমনই এক বাস্তবতাকে রূপক কাহিনির মধ্য দিয়ে মঞ্চে তুলে ধরে। শিশুদের অভিনীত এই নাটক শুধু আনন্দ দেওয়ার আয়োজন নয়, বরং নগরজীবনে শিশুদের হারিয়ে যেতে বসা খেলার মাঠ, প্রকৃতির সঙ্গে সম্পর্ক এবং মুক্ত শৈশবের অধিকার নিয়ে একটি জরুরি বক্তব্য। নাজমা জেসমিন চৌধুরীর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন জিয়াউল হক সোহাগ। 
‘ওরা ছিল বাগানে’ নাটকের গল্প আবর্তিত হয়েছে একটি বাগানকে কেন্দ্র করে। নাটকের শুরুতে দেখা যায়, মামা ও ভাগনে দুই দৈত্য জঙ্গল পেরিয়ে কোথাও যাচ্ছে। তাদের স্বভাব অন্যের জায়গা দখল করা, জোরজুলুম চালানো এবং নিজেরা আরাম-আয়েশে থাকা। ভাগনে দৈত্যটি একসময় পান্তাবুড়ির বাগান দখল করে নেয়। অথচ ফুলে-ফলে ভরা বাগানটি তাঁর দখলে যাওয়ার পর ক্রমেই শুষ্ক ও জঞ্জালপূর্ণ হয়ে ওঠে। এই দৃশ্যের মধ্য দিয়ে নাটকটি যেন শুরুতেই জানিয়ে দেয়, প্রকৃতিকে ভোগের বস্তু হিসেবে দেখলে তাঁর সৌন্দর্য ও প্রাণশক্তি দুটোই নষ্ট হয়। এরপর গল্পে প্রবেশ করে খোকন, মৌ, মিতা ও শুভ নামে একদল চঞ্চল ও প্রকৃতিপ্রেমী শিশু। দৈত্যের অনুপস্থিতিতে তারা বাগানটি পরিষ্কার করে, নানা রঙের ফুলের চারা লাগায় এবং যত্নে সেটিকে আবার প্রাণবন্ত করে তোলে। ফুলের সুবাসে ভরে ওঠে চার পাশ। সেখানে শিশুদের খেলাধুলা, আনন্দ আর চড়ুইভাতির আয়োজন যেন বাগানটিকে ফিরিয়ে দেয় তার হারানো প্রাণ। শিশুদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। মামার বাড়ি থেকে ফিরে ভাগনে দৈত্য তাদের চড়ুইভাতির খাবার আত্মসাৎ করে এবং বাগানে নানা নিয়মকানুন চাপিয়ে দেয়। একসময় দৈত্যরা বাগানের সৌন্দর্য ও ফল-ফুল দেখে সেটিকে ব্যবসার জায়গা হিসেবে ব্যবহারের পরিকল্পনা করে। প্রবেশ, খেলাধুলা–সবকিছুর ওপর টিকিটের ব্যবস্থা করা হয়। ফলে শিশুরা বাগানে আসা বন্ধ করে দেয়। তাদের অনুপস্থিতিতে বাগান আবারও শুকিয়ে যেতে থাকে। এখানে দৈত্যরা কেবল রূপকথার ভয়ংকর চরিত্র নয়; তারা শিশুদের খেলার জায়গা দখল করে নেওয়া, সবকিছুকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের প্রবণতা এবং নগরজীবনের যান্ত্রিক বাধার প্রতীক হয়ে ওঠে।
নির্দেশক জিয়াউল হক সোহাগ বলেন, ‘কংক্রিটের শহরে শিশুদের মুক্ত আলো-বাতাসে খেলাধুলার জায়গা ক্রমেই কমে আসছে। চার দেয়ালের মধ্যে স্ক্রিননির্ভর জীবন শিশুদের প্রকৃতি, স্বাভাবিক আনন্দ ও সামাজিক মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই শিশুদের জন্য উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং প্রকৃতির সঙ্গে তাদের বন্ধন পুনঃস্থাপনের ভাবনা থেকেই নাটকটি নির্বাচন করা হয়েছে।’
‘ওরা ছিল বাগানে’ মঞ্চস্থ হয়েছিল শিকড় চিলড্রেন্স থিয়েটারের আয়োজনে ‘জোনাকিদের আসর ২০২৬’ শিশু উৎসবে। শিশুদের সৃজনশীল বিকাশ ও নান্দনিক শিক্ষার লক্ষ্য নিয়ে ৩০ অক্টোবর বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল কিডস টাইম খিলগাঁও। উৎসবের প্রথম পর্বে ছিল আর্টস অ্যান্ড ক্রাফটস, ক্লে ওয়ার্ক, টি-শার্ট পেইন্টিং, ফেস পেইন্টিং ও পুতুল তৈরির মতো অংশগ্রহণমূলক আয়োজন। 

আরও পড়ুন

×