আরিফ মীর হত্যা
আসামিরা জামিনে বেরিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ বাদীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২২:৪৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ২২:৫৭
মুন্সীগঞ্জে বিএনপি কর্মী মো. আরিফ মীরকে গুলি করে হত্যার মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী পারুল বেগম। তার অভিযোগ, মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার চার শিশুসন্তানকে অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পারুল বেগম। এ সময় তার চার শিশুসন্তান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পারুল বেগমের ভাষ্য, তার স্বামী আরিফ মীর বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২৫ সালের ১০ নভেম্বর কে এম সোহেল রানার নেতৃত্বে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় কে এম সোহেল রানা, আতাউর রহমান ওরফে মল্লিক, ওয়াদিক মোল্লা, জিন্নাত মীরসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
নিহতের স্ত্রী বলেন, পুলিশ মামলার অন্যতম আসামি কে এম সোহেল রানাকে গ্রেপ্তার করে। প্রায় সাত থেকে আট মাস কারাভোগের পর তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। এরপর সোহেল রানা ও তার লোকজন মামলা তুলে নিতে তাকে বারবার হুমকি দিচ্ছেন। তাদের কথামতো মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার চার সন্তানকে অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
পারুল বেগম বলেন, ‘শুধু হুমকি দিয়েই তারা ক্ষান্ত হচ্ছে না। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। চার সন্তান নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্তানদের জীবন কীভাবে রক্ষা করব, সেই চিন্তায় আতঙ্কের মধ্যে দিন কাটছে।’
স্বামী হত্যার বিচার চেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদবর ও চেয়ারম্যানের কাছে সহযোগিতা চেয়েও সাড়া পাননি বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, মামলার আসামিদের প্রভাবের কারণে কেউ তাকে সহযোগিতা করার সাহস পাচ্ছেন না।
সংবাদ সম্মেলন থেকে আরিফ মীর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং জড়িত ব্যক্তিদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান নিহতের স্ত্রী। একই সঙ্গে তার ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
- বিষয় :
- হত্যা
- আসামি
- সংবাদ সম্মেলন