রাজধানীতে পৃথক ঘটনায় স্কুলছাত্র ও যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৩৬
রাজধানীতে পৃথক ঘটনায় এক স্কুলছাত্র ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার পল্টনের চামেলীবাগ ও চকবাজারের হাজী রহিম বক্স লেনের নির্মাণাধীন একটি ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পল্টনের চামেলীবাগের একটি ভাড়া বাসা থেকে তাশফিকুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। অন্যদিকে তাশফিকুল ফেনী জেলার দাগনভূঞা থানার আজিজ ফাজিলপুর গ্রামের মো. মাসুদের ছেলে। পরিবার নিয়ে সে চামেলীবাগের ওই বাসায় থাকত।
নিহতের বাবা মাসুদ জানান, সোমবার বিকেলে খাবার খাওয়ার জন্য তাশফিকুলের মা তাকে ডাকতে গিয়ে ঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা খুলে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের হুকের সঙ্গে তাশফিকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
পল্টন থানা পুলিশ জানায়, পরিবারের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, তাশফিকুল মোবাইলে গেম খেলায় আসক্ত ছিল। এ কারণে স্কুলের পরীক্ষায় তার ফলাফল খারাপ হয়। বিষয়টি নিয়ে আগের রাতে তার মা তাকে বকাঝকা করেন। এরপর গভীর রাত পর্যন্ত জেগে থাকার কারণে দুপুরে ঘুমিয়ে ছিল সে। কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
এদিকে চকবাজার থানার হাজী রহিম বক্স লেনের সিরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নিচতলার একটি কক্ষ থেকে নূর মোহাম্মদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
চকবাজার থানা পুলিশ জানায়, সকালে খবর পেয়ে নির্মাণাধীন ভবনের নিচতলার একটি কক্ষে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নেশাগ্রস্ত ছিলেন এবং মানসিক হতাশায় ভুগছিলেন। কোনো কাজ করতেন না। চকবাজারের খাজে দেওয়ান এলাকায় অনেকটা ভবঘুরে জীবনযাপন করতেন। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, তাশফিকুলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চকবাজার থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, নূর মোহাম্মদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায়ও একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার