শব্দ, স্বপ্ন আর উচ্ছ্বাসে শেষ হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল
রাজধানীর হলি ক্রস কলেজে গতকাল শনিবার শেষ হয়েছে অষ্টম আন্তঃকলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৪
| প্রিন্ট সংস্করণ
শুধু ইংরেজি ভাষার প্রতিযোগিতা নয়, কোথাও মঞ্চে অভিনয়ের প্রস্তুতি, কোথাও বানান নিয়ে শেষ মুহূর্তের উত্তেজনা, আবার কোথাও কুইজের উত্তর মিলিয়ে নেওয়ার ব্যস্ততা– করিডোর, অডিটোরিয়াম আর কলেজ প্রাঙ্গণে একসঙ্গে ছুটছে শব্দ, সৃজনশীলতা আর উচ্ছ্বাস। হাসি, আড্ডা, করতালি আর প্রতিযোগিতার উত্তেজনায় দুদিন ধরে এমনই উৎসবের আবহ ছিল রাজধানীর হলি ক্রস কলেজে। গতকাল শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘অষ্টম আন্তঃকলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল ২০২৬’।
দুদিনের উৎসবে ছিল ১৪টি প্রতিযোগিতামূলক পর্ব– সাতটি একক ও সাতটি দলীয়। দ্বিতীয় দিনের সমাপনীতে উৎসবের মঞ্চ আরও জমে ওঠে ‘ব্যাটল অব মাস্টারমাইন্ডস’-এর দ্বিতীয় পর্ব ‘স্পেল মাস্টার’, ‘অ্যাক্ট ইট আউট’ ও ‘মুভি কুইজ’-এ। সকালে রেজিস্ট্রেশনের পর অডিটোরিয়াম ও কলেজের বিভিন্ন কক্ষে চলে প্রতিযোগিতা। প্রতিযোগিতার বাইরেও উৎসবজুড়ে ছিল শিক্ষার্থীদের আনন্দের নানা অনুষঙ্গ। কমিকস, ক্যারিকেচার ও লাইভ স্টিকার মেকিংয়ে অংশ নিয়েছে অনেকেই। বিকেল ৪টায় অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে আয়োজনের।
ক্লাবের মডারেটর ও শিক্ষক শুভেন্দু শেখর চক্রবর্তী বলেন, শিক্ষার্থীদের ইংরেজি শেখার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বাড়াতেই এ আয়োজন। ক্লাবটি সারাবছর সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করে।
হলি ক্রস কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে গত শুক্রবার সকালে কলেজ অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন হয়। এবারের আয়োজনে দেশের ৫৫টি কলেজের প্রায় এক হাজার ৯০০ শিক্ষার্থী অংশ নেয়। এই পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সমকাল।
- বিষয় :
- শিক্ষা