ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় দুই হোটেলে চীনের দুই নাগরিকের মরদেহ

উত্তরায় দুই হোটেলে চীনের দুই নাগরিকের মরদেহ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর উত্তরায় পাশাপাশি দুটি আবাসিক হোটেল থেকে চীনের দুই নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লি শিংচিয়াং (৪০) নামে একজনের মরদেহ গতকাল শনিবার সকালে হোটেল কক্ষ থেকে উদ্ধার করা হয়। বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতাল থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদপানের কারণে লি শিংচিয়াংয়ের মৃত্যু হয়েছে। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর কারণও জানাতে পারেনি পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর সমকালকে জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরে বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষের অতিথি ছিলেন লি শিংচিয়াং। অন্য দুটি কক্ষে আরও তিন চীনা নাগরিক ছিলেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে লি শিংচিয়াং মেঝেতে পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি বলেন, প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ওই চীনা নাগরিক কবে ঢাকায় আসেন এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এদিকে পাশের হোটেল মেরিনা থেকে অচেতন অবস্থায় আরেক চীনা নাগরিককে দুপুরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান এক চীনা নাগরিক। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তাঁর পাসপোর্ট না পাওয়ায় নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন

×