ঢামেকে এক দিনে ৩ কারাবন্দীর মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০১
তিন কারাগারের তিনজন বন্দি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাশিমপুর হাই-সিকিউরিটির বন্দি শাহাদাত হোসেন লিটন (৫২)। অপর দুজন আবুল বাশার (৫৮) ও আবদুল কাইয়ুমকে (৬২) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় এ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আজ রোববার সকালে এ তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুজন হাজতি এবং একজন কয়েদি।
কারাগার সূত্র জানায়, বন্দি শাহাদাত হোসেন লিটনের বাড়ি খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামে। লিটন গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটিতে বন্দী ছিলেন। গত ২৮ আগস্ট অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলা নম্বর ১১/০৭ এবং উত্তরা থানার মামলা ৯(১১)০৬-এর ৩০২, ৩৪ ও ২০১ ধারার মামলায় বন্দী ছিলেন।
কচুয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আবুল বাশার চাঁদপুর কারাগারের বন্দী ছিলেন। তার বাড়ি চাঁদপুরের কচুয়ার কুটিয়া লক্ষ্মীপুর গ্রামে। অন্তত ১৫ দিন আগে অসুস্থ হওয়ায় কারাগার থেকে এনে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন আগে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। রোববার সকালে ফের অসুস্থ হলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৭টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল কাইয়ুম ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিলেন। চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত তিনি। শনিবার তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। পরে কারাগারে ফিরিয়ে নেওয়া হয় তাকে। রোববার সকালে আবার অসুস্থ হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান কারারক্ষীরা। সকাল ৯টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ সমকালকে বলেন, তিন বন্দীর মধ্যে একজন হাসপাতালে ভর্তি ছিলেন। অপর দুইজনও আগে থেকেই অসুস্থ। রোববার আবার অসুস্থ হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- ঢামেক
- কারাবন্দীর মৃত্যু