কদমতলীতে খাটের নিচে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:১০
রাজধানীর কদমতলীতে ইয়ানূর বেগম (২৫) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ভাড়া বাসার খাটের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর তাঁর স্বামী মো. জুয়েল পলাতক রয়েছেন।
কদমতলী থানার এসআই কামরুন নাহার জানান, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ৬১ নম্বর ওয়ার্ড গলির ৬৭০ নম্বর ভবনের দোতলায় যায় পুলিশ। ইয়ানূর ওই বাসায় স্বামীর সঙ্গে সাবলেট থাকতেন। খাটের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ইয়ানূরের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। তাঁর বাবার নাম হানিফ হাওলাদার।
পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ইয়ানূরকে হত্যা করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে এসআই কামরুন নাহার জানান, প্রায় তিন মাস আগে জুয়েলকে বিয়ে করেন ইয়ানূর। এরপর তাঁরা ওই বাসায় ওঠেন। তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার আগের রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন ইয়ানূর।
পুলিশ জানায়, গতকাল সকালে ইয়ানূরের ছোট ভাই ইমাম হোসেন তাঁর মোবাইল ফোনে কল করে সাড়া না পেয়ে বাসায় যান। সেখানে দরজায় তালা দেখতে পেয়ে তিনি তা ভেঙে ভেতরে ঢোকেন। পরে ঘরের মধ্যে রক্তের দাগ দেখতে পান। একপর্যায়ে খাটের নিচে বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ইয়ানূরের আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল। ওই সংসারে তাঁর পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। শিশুটি নানা-নানির কাছে থাকে।
পুলিশ জানায়, জুয়েল একটি পরিবহনের সুপারভাইজার। তাঁকে আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- রাজধানী