শাহজালাল বিমানবন্দর গভীর রাতে নিরাপত্তা কর্মীর সঙ্গে যাত্রীর হাতাহাতি
বেবিচক বলছে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা
ছবি- ভিডিও থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:৫৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের সঙ্গে গত সোমবার রাতে যাত্রীর ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। গভীর রাতে বিমানবন্দরের ক্যানোপি এলাকার ঘটনাটির মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনসার সদস্যের সঙ্গে যাত্রীর ধাক্কাধাক্কি ও হাতিহাতি ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সোমবার রাত ১২টা ৫২ মিনিটে বিমানবন্দরের ক্যানোপির বাইরে এ ঘটনা ঘটে। ঘটনাটি অন্য এক যাত্রী মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে দিলে তা ছড়িয়ে পড়ে। পরে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার পূর্বাপর বিস্তারিত চিত্র পাওয়া যায়।
গতকাল মঙ্গলবার রাতে বেবিচক কর্তৃপক্ষের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদের পাঠানো এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই সময়ে একজন যাত্রী ক্যানোপি-২ দিয়ে বের হওয়ার সময় তাঁকে গ্রহণ করতে আসা একজন পুরুষ ক্যানোপি-২ এক্সিট গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রী চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে সেখানে কর্তব্যরত আনসার সদস্য তাঁকে প্রবেশ না করার জন্য অনুরোধ করেন এবং বাধা দেন। এর পরও ওই ব্যক্তি একাধিকবার ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত আরেকজন আনসার সদস্য তাঁকে নিবৃত্ত করার জন্য এগিয়ে যান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তি ভারসাম্য হারিয়ে পড়ে যান। এরপর তাঁকে সঙ্গে নিয়ে আসা অন্য ব্যক্তিরা ঘটনাস্থলে এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তাদের সঙ্গে কর্তব্যরত আনসার সদস্যদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনা, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক দেশি-বিদেশি যাত্রী, তাদের স্বজন এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা চলাচল করেন। ফলে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নির্ধারিত প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের পাশাপাশি বিমানবন্দর ব্যবহারকারী প্রত্যেকের দায়িত্বশীল, ধৈর্যশীল ও সহযোগিতামূলক আচরণ প্রত্যাশিত।
- বিষয় :
- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর