উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে ক্লাস পরীক্ষা বন্ধ
ছবি- সমকাল
চুয়েট সংবাদদাতা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:১৬
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আকস্মিক উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ও গণঅবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করছেন তারা।
গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ২৭ জুলাই উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক সায়েম।
এ পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকে অধ্যাপক সায়েম শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে আস্থা অর্জন করেন। এমন পরিস্থিতিতে কোনো দৃশ্যমান ব্যাখ্যা ছাড়াই তাঁকে পরিবর্তনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য নয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে নিরাপত্তা শাখা ও মেডিকেল সেবা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। উপাচার্য ভবনের সামনে সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন।