ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি: খণ্ডিত বাস্তবতার দৃশ্যভাষা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২২:১১
ঢাকার বারিধারার দেশ আর্ট গ্যালারিতে ২১ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছ পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’। এতে অংশ নিচ্ছেন শিল্পী আলী, দিলরুবা হক কাজরী, ইসরাত জাহান, মাহমুদা আসসাফরা মিম ও ফারিন আহমেদ। প্রতিদিনের জীবনের বদলে যাওয়া বাস্তবতা, স্মৃতি, আলো, শব্দ ও অনুভূতির বিচ্ছিন্ন মুহূর্তগুলো এই প্রদর্শনীতে পাঁচ শিল্পী তুলে ধরবেন তাদের নিজস্ব দৃশ্যভাষায়।
প্রতিদিনের জীবন কি সত্যিই একটি সম্পূর্ণ দৃশ্য? নাকি স্মৃতি, আলো, শব্দ, অনুভূতি আর ক্ষণস্থায়ী মুহূর্ত মিলিয়ে তৈরি হয় তার অসংখ্য খণ্ডচিত্র? কখনো তা স্পষ্ট, কখনো অস্পষ্ট; কখনো পরিচিত দৃশ্য, আবার কখনো ভেতরের কোনো অনুভবের প্রতিফলন। ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ এই ভাঙা-গড়া অভিজ্ঞতাকেই পাঁচটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা।
প্রদর্শনী সামনে রেখে এক আড্ডায় শিল্পীরা কথা বলেছেন তাদের কাজ, ভাবনা ও শিল্পচর্চা নিয়ে। তাদের কথায় এবং প্রদর্শনীর জন্য নির্বাচিত কাজগুলোতে উঠে আসে একই থিমের ভেতরে পাঁচটি স্বতন্ত্র শিল্পভাষা। কেউ বাস্তবতার দিকে তাকিয়েছেন প্রকৃতির মধ্য দিয়ে, কেউ মানুষের অনুভবের দিকে, কেউ বিমূর্ততার ভেতর দিয়ে, আবার কেউ দৈনন্দিন জীবনের ছোট ছোট দৃশ্য ও মুহূর্ত থেকে।
শিল্পী আলীর কাজে রঙের তীব্রতা ও স্তরবিন্যাস বিশেষভাবে লক্ষণীয়।
দ্য ইকোস উইথইন, সেলেসটিয়াল এমব্রেস কিংবা দ্য ফেক সান–এ মানব অবয়ব, প্রকৃতি, প্রতীক ও অ্যাবস্ট্রাক্ট উপাদান মিলেমিশে তৈরি করেছে ভিন্ন এক জগৎ। কোথাও মুখ, কোথাও শরীর, কোথাও গাছপালা—দৃশ্যমান বাস্তবতার আড়ালে যেন আরেকটি মানসিক স্তরের ইঙ্গিত। তার কাজে বাস্তব ও পরাবাস্তবের মিশেল একটি আলাদা আবহ তৈরি করে।
দিলরুবা হক কাজরীর কাজ তুলনামূলকভাবে বেশি বর্ণনামুখী। বিয়ন্ড দ্য ফ্রাগমেন্টস, গোল্ডেন আওয়ার, কোকেটো ও দ্য এসেন্স অব পিস–এর প্রতিটিতেই রয়েছে আলাদা গল্পের ইঙ্গিত। প্রকৃতি, প্রাণী, মানবমুখ ও কল্পনার উপাদান তার কাজে জায়গা করে নেয়। পরিচিত দৃশ্যের সঙ্গে কল্পনার মিশেল তার ছবিগুলোকে সরাসরি বর্ণনার বাইরে নিয়ে যায়।
ইসরাত জাহানের ছবিতে পাওয়া যায় অন্যরকম এক নীরবতা। মর্নিং গ্লো, ড্রাফটিং এওয়ে, এ কুইট লিংগিং, টোগেদার উই ব্লুম কিংবা মোমেন্টস অব স্টিলনেস—নামগুলোতেও তার আভাস রয়েছে। আলো, ঘর, ফুল, জল, অপেক্ষা কিংবা একাকী মানব অবয়ব তার কাজে আসে বেশ সংযতভাবে। বড় কোনো নাটকীয়তার বদলে দৈনন্দিন জীবনের ছোট ছোট শান্ত মুহূর্ত তাঁর ছবির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
মাহমুদা আসসাফরা মিমের ইমেজ অব ন্যাাচর সিরিজে বাস্তব দৃশ্যের সরাসরি উপস্থিতি নেই। রং, জ্যামিতিক বিন্যাস, খণ্ডিত প্লেন ও স্তরবিন্যাসের মধ্য দিয়ে তিনি প্রকৃতির ধারণাকে নতুনভাবে নির্মাণ করেছেন। তাঁর কাজে দৃশ্যের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রং ও ফর্মের পারস্পরিক সম্পর্ক। কোথাও ধূসরতার বিস্তার, কোথাও উজ্জ্বল রঙের ছাপ, আবার কোথাও মৃদু রঙের ব্যবহার—প্রকৃতি এখানে কেবল দৃশ্য নয়, অনুভূতি ও গঠনেরও অংশ।
ফারিন আহমেদের কাজে প্রকৃতির দৃশ্যমান উপস্থিতি তুলনামূলকভাবে প্রবল। দ্য অ্যালকেমি অব লাইট, ইভিনিং রেইন, ইনটো দ্য ব্লু কিংবা ইটারন্যাল লাভ–এ আলো, জল, নগরদৃশ্য, মানুষ ও রঙের গতিশীলতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আলো ও প্রতিফলনের ব্যবহার তার ছবিতে মুহূর্তের অনুভূতিকে সামনে নিয়ে আসে। পরিচিত দৃশ্যও রঙের ব্যবহারে কখনো কখনো বাস্তবতার চেয়ে স্মৃতির কাছাকাছি চলে যায়।
একই বিষয়কে পাঁচ শিল্পী দেখছেন পাঁচভাবে। কেউ বাস্তবতাকে খুঁজছেন রঙে, কেউ স্মৃতিতে, কেউ নীরবতায়, কেউ প্রতীকে, আবার কেউ আলো ও প্রকৃতির পরিবর্তনে। এই ভিন্নতাই ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’কে একক কোনো ব্যাখ্যার মধ্যে আটকে রাখে না। বরং এই প্রদর্শনী পরিচিত বাস্তবতার ভেতরে ছড়িয়ে থাকা দৃশ্য, স্মৃতি ও অনুভূতির খণ্ডগুলোকে নতুনভাবে দেখার আহ্বান জানায়।
- বিষয় :
- আর্ট