ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কবি নজরুল কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২

কবি নজরুল কলেজের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২
×
×

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২২:৩৭

কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী আহত হয়েছেন। আজ  রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালি জাহাঙ্গীর হোসেন এবং কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমন আলী। জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। এ উপলক্ষে পুলিশ ও র‍্যাবের সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পর আহত দু’জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন এবং নিরাপত্তা জোরদার করেন। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহ দু’জনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ চেক করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। এ বিষয়ে এখনও কাউকে আটক করা হয়নি। 

নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহ দুইজনকে আটক করে পুলিশে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

আরও পড়ুন

×