লালবাগে আগুন নেভাতে গিয়ে দেয়াল ধসে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ২২:৪২
রাজধানীর লালবাগের ইসলামবাগে টিনশেড বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে দেয়াল ধসে ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে বেড়িবাঁধসংলগ্ন নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার বিকেল ৩টা ২৮ মিনিটে ইসলামবাগে টিনশেড বাসাবাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ও হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বিকেল ৩টা ৩৭ মিনিটে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৪টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৮টা ২৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, আগুন নেভানোর সময় বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ ওপর থেকে একটি দেয়াল ভেঙে দুই ফায়ার ফাইটারের ওপর পড়ে। এতে ফায়ার ফাইটার জয় রায় ও আজহারুল আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
- বিষয় :
- আগুন
- ফায়ার সার্ভিস