ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গিরা চূড়ান্তভাবে পরাস্ত না হলে উগ্রবাদের ঝুঁকি থাকবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গিরা চূড়ান্তভাবে পরাস্ত না হলে উগ্রবাদের ঝুঁকি থাকবে: র‌্যাব মহাপরিচালক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৯:৪৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৯:৫০

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদের ঝুঁকির বিষয়টি বাংলাদেশের একার বিষয় নয়। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। বৈশ্বিকভাবে জঙ্গিরা চূড়ান্তভাবে পরাস্ত না হলে জঙ্গিবাদের ঝুঁকি বিশ্বজুড়েই থাকবে।

হলি আর্টিসান হামলার মামলার রায় সামনে রেখে মঙ্গলবার র‌্যাব দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির মহাপরিচালক।

বেনজীর আহমেদ আরও বলেন, হলি আর্টিসানে হামলা ছিল একটি নজিরবিহীন ঘটনা। দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে তা ছিল কল্পনার বাইরে। এ ধরনের হামলার পুনরাবৃত্তিরোধে নানামুখী কার্যক্রম হাতে নেওয়া হয়। গণসচেতনতামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কেউ জঙ্গিবাদে মোটিভেটেড হয়ে থাকলে তাকে ডিমোটিভেটেড করা হচ্ছে। জঙ্গি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর 'শূন্য সহিষ্ণুতা'র নীতি বাস্তবায়ন করা হচ্ছে। জঙ্গি নিয়ন্ত্রণে বাংলাদেশে অনেক সফলতার গল্প রয়েছে। জঙ্গিরা আত্মসমর্পণ করতে পারে গোটা দুনিয়াকে এই পথ দেখিয়েছে বাংলাদেশ। র‌্যাবের কাছে ৮ জঙ্গি আত্মসমর্পণ করেছে। এটা ছিল জঙ্গি আত্মসমর্পণের প্রথম নজির। দ্বিতীয়বার জঙ্গি আত্মসমর্পণের এমন ঘটনা ঘটল গত সোমবার আফগানিস্তানে।

বেনজীর আহমেদ  বলেন, আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়। এ দেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করে না। তবু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

×