ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রুম্পার মৃত্যু: স্টামফোর্ড ক্যাম্পাসে বিক্ষোভ চলছে

রুম্পার মৃত্যু: স্টামফোর্ড ক্যাম্পাসে বিক্ষোভ চলছে
×

রুবাইয়াত শারমিন রুম্পা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৬

সহপাঠী রুম্পার রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে সঠিক বিচারের দাবিতে প্রতিদিনই ক্যাম্পাসের ভেতর শান্তিপূর্ণ বিক্ষোভ করে যাচ্ছেন বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সোমবারও 'উই ওয়ান্ট জাস্টিস'-স্লোগানে মুখর রেখেছিলেন রাজধানীর সিদ্ধেশ্বরীতে এ বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস। 

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনের মুখপাত্র ইংরেজি বিভাগের ছাত্র জিসাদ মোহাম্মদ সমকালকে বলেন, 'রুম্পা হত্যার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ হত্যার কারণ উদ্‌ঘাটন করা হয়নি। গত চার দিন ধরে আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও প্রশাসন এখনও ঘুমিয়ে আছে। তাই গতকাল সোমবার বাধ্য হয়ে আগামী ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিতে বাধ্য হয়েছি।'

তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে রুম্পার ফরেনসিক প্রতিবেদন প্রকাশ করা না হলে পরের দিন বুধবার থেকে শিক্ষক-শিক্ষার্থীরা রাস্তায় নেমে কঠোর আন্দোলন শুরু করবেন।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ নাহিদ নিয়াজ বলেন, 'আমাদের সকল শিক্ষক ও শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ আন্দোলনে শুধু আমাদের নয়, দেশের প্রতিটি বিবেকবান মানুষের সমর্থন রয়েছে।'

অবস্থান কর্মসূচি শেষ করে শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিয়ে সিদ্ধেশ্বরী ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে আবারও মূল গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

আরও পড়ুন

×