গাবতলীতে বাসের ধাক্কায় পথচারী নিহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ১৩:০৮
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাতে ঠিকানা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আনুমানিক ৪২ বছর বয়সী ওই ব্যক্তি প্রাণ হারান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
পথচারীদের উদ্ধৃত করে পুলিশ জানায়, গাবতলী টার্মিনালের উল্টো পাশে হেঁটে সড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। ওই সময়ে বাসটি তাকে ধাক্কা দেয়। পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তির পরনে নীল রঙের ফুল হাতা গেঞ্জি ও নীল চেক লুঙ্গি রয়েছে। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
- বিষয় :
- সড়কে মৃত্যু
- সড়ক দুর্ঘটনা
- রাজধানী
