ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নির্বাচন কমিশনকেই ভোটারদের আস্থা ফেরাতে হবে: মেনন

নির্বাচন কমিশনকেই ভোটারদের আস্থা ফেরাতে হবে: মেনন
×

রাশেদ খান মেনন -ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ১২:২২

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ঢাকায় সিটি করপোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশনকেই ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার রাজধানীর মুগদা হায়দার আলী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ওয়ার্কার্স পার্টি মুগদা থানা শাখা আয়োজিত আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার সুফল দুঃখী মানুষের ঘরে পৌঁছাতে না পারলে স্বাধীনতা অর্থবহ হবে না। স্বাধীনতার ৪৮ বছর পার হলেও দুঃখী মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারছে না। আগামী 'মুজিববর্ষে' সবাইকে শপথ নিতে হবে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে।

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর নেতা ওমর ফারুক সুমনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আবুল হোসাইন, তাপস দাস, অতুল নাথ দাস আলো, জামিরুল ইসলাম ডালিম, আরিফুল ইসলাম, আলমগীর শিকদার, মিনারা বেগম প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ডাকসুর মর্যাদা ক্ষুণ্ণ করা কাম্য নয় : একই দিন তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে ছাত্র মৈত্রীর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে রাশেদ খান মেনন বলেন, ডাকসু শুধু ছাত্রদের প্রতিষ্ঠান নয়, এটা জাতীয় প্রতিষ্ঠান। ডাকসুর মর্যাদা ক্ষুণ্ণ করা কারোরই কাম্য নয়।

এ সময় ছাত্র মৈত্রীর সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েলসহ নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×