ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আরও ২ আরোহীর অবস্থা সঙ্কটাপন্ন

রাজধানীতে উড়াল সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

রাজধানীতে উড়াল সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ১২:৪৯

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়াল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় রনি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় তার দুই বন্ধুও গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- শোভন আহমেদ ও শামীম হোসেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম সমকালকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটে তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, রনি, শোভন ও শামীম নামে তিন যুবক একই মোটরসাইকেলে চড়ে কোথাও যাচ্ছিলেন। মেয়র হানিফ উড়াল সড়কের ওপর রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি উড়াল সড়কের এক পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিনজনই ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের আঘাতও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের মধ্যে শামীমকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। আর শোভনকে পরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তারা তিনজনই শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে শোভন বোরহান উদ্দিন কলেজের ছাত্র।

নিহতের ভাই জামাল হোসেন জানান, দনিয়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এলাকার বাসায় পরিবারের সঙ্গে থাকে রনি। শুক্রবার তিনি ও তার দুই বন্ধু শীতবস্ত্র কেনার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন।

আরও পড়ুন

×