জাতীয় পার্টির সম্মেলন শুরু
সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০০:১৩
জাতীয় পার্টির ৯ম সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের চেয়ারম্যান জিএম কাদের শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
এসময় দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ উপস্থিত ছিলেন।
সম্মেলনে রওশন এরশাদকে দেখা না গেলেও তার পক্ষ নিয়ে জিএম কাদেরের ঘোর বিরোধিতা করে আসা আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত হয়েছেন।
উল্লেখ্য, জোর চেষ্টা চালালেও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হতে পারছেন না বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদেরই চেয়ারম্যান থাকছেন। দেবর-ভাবির বিরোধ সামাল দিতে এরশাদপত্নী রওশনকে সন্তুষ্ট করতে তার জন্য 'প্রধান পৃষ্ঠপোষক' পদ সৃষ্টি করা হয়েছে।
শুক্রবার বনানী কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডিয়ামের সভায় এসব সিদ্ধান্ত হয়। শনিবার জাপার নবম কাউন্সিলে সিনিয়র কো-চেয়ারম্যান থেকে প্রধান পৃষ্ঠপোষক হবেন রওশন। আমৃত্যু তিনি এ পদে থাকবেন। পদমর্যাদায় চেয়ারম্যানের ওপর থাকবেন প্রধান পৃষ্ঠপোষক। দলীয় প্রতীক শুধু তার গাড়িতেই থাকবে, যা এতদিন ধরে চেয়ারম্যানের গাড়িতে ব্যবহার হতো। তবে পদটি হবে আলংকারিক। দলের সব নির্বাহী ক্ষমতা আগের মতোই থাকবে চেয়ারম্যানের হাতে।
তবে প্রধান পৃষ্ঠপোষক পদে সন্তুষ্ট নন রওশন এরশাদ। তার ঘনিষ্ঠ একজন নেতা সমকালকে এ তথ্য জানিয়েছেন।
- বিষয় :
- জাতীয় পার্টি
- জাতীয় পার্টির ৯ম সম্মেলন
