নগর সাংবাদিকদের অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ও মেয়র আতিকুল ইসলাম
'সিটি নির্বাচনে সব নিয়মকানুন মেনে চলতে হবে প্রার্থীদের'
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৫
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের দেয়া সব নিয়মকানুন প্রার্থীদের মেনে চলার ব্যাপারে কাজ করবে স্থানীয় সরকার বিভাগ। প্রার্থীরা যাতে বিলবোর্ড-ব্যানার না সাটিয়ে প্রচারণা চালায় সে ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ কঠোর থাকবে।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, তিনিও সব নিয়মকানুন মেনে প্রচারণা চালাবেন। কেউ যদি নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে ব্যানার-ফেস্টুন করে তাহলেও ডিএনসিসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জন্মলগ্ন থেকে এই শহরের অপরিকল্পিতভাবে উন্নয়ন হয়েছে। এ কারণেই নগরে কাটাকাটি ও খোড়াখুড়ি করা হয়। যেগুলো পরিবেশ দূষণের অন্যতম কারণ। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে যেসব নির্দেশনা দেয়া হবে, সেগুলো যথযথভাবে মানা হবে। ব্যানার পোস্টার অপাসরণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা মাঠে থাকবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, স্মার্ট সিটি এখন সময়ের দাবি। সেটি বাস্তবায়নে কাজ চলছে। ঘরে বসে অনলাইনে ট্যাক্স দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। জবাবদিহিদার মধ্যে আনতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। উত্তর সিটিতে কোনো অনিয়মের স্থান হবে না। ১১টি ইউলুপের কাজ চলছে। আগামী তিন মাসের মধ্যে নগরীতে এলইডি বাতি বসানো হবে। এবারও মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হতে পারেন, গত নয় মাসের অভিজ্ঞতার আলোকে নগরের উন্নয়নে কাজ করবেন বলে জানান আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এসএম ফয়েজ প্রমুখ। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
