২০৩০ সালে ছয় মেট্রোরেলে যানজটমুক্ত হবে ঢাকা: সেতুমন্ত্রী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০০:৩১ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০০:৩৩
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০৩০ সালে ঢাকার ছয়টি মেট্রোরেলের পৌনে ২০০ কিলোমিটারের সব কা শেষ হবে, এর ফলে ঢাকায় যানজটমুক্ত অনিন্দ্য সুন্দর এক দৃশ্যপট আমরা দেখতে পাব। ঢাকা শহরে আজকের যান চলাচলের চিত্রই পাল্টে যাবে। বুধবার দিয়াবাড়িতে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট-৬ (এমআরটি) লাইনের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও রেল-ট্র্যাক বসানোর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ এর ডিপিপি অনুমোদন হয়ে গেছে, ফলে কাজ শুরু করতে আর কোনো বাধা নেই। মেট্রোরেলের এই দুই লাইনের মধ্যে একটিতে ১৬ কিলোমিটার, অন্যটিতে সাড়ে ১৩ কিলোমিটার অংশ পাতাল রেল হবে।
এমআরটি-৬ লাইনের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও রেল-ট্র্যাক বসানোর কাজের উদ্বোধনের পর তিনি জানান, আমাদের এমআরটি লাইন-৬ মেট্রোরেল প্রকল্পের সাড়ে ৮ কিলোমিটার এখন দৃশ্যমান। আশা করছি ২০২১ সালে বিজয়ের মাসে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রায়োরিটি প্রজেক্ট এমআরটি লাইন-৬ মেট্রো রেলের নির্মাণ কাজ সমাপ্ত হবে, বিজয়ের মাসে উদ্বোধন হবে- এটাই আমাদের নববর্ষের প্রত্যাশা।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানান, মেট্রোরেলের নমুনা এ মাসেই দেশে আসবে। মেট্রোরেল নিয়ে নগরবাসীকে ধারণা দিতে উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেল ডিপোতে এ নমুনা ট্রেন স্থাপন করা হবে। টিকেট কাটা, ট্রেনে চড়া, দাঁড়ানো, নামা, ট্রেনের ভেতরে এবং স্টেশনের নির্দেশিকাগুলো কেমন থাকবে- এসব বিষয়ে জনসাধারণকে ধারণা দিতে এমআরটি তথ্য ও প্রদর্শনীকেন্দ্রে এটা থাকবে।
মূল ট্রেনের প্রথম সেট আসবে এ বছরের ১৫ জুনে। উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল-৬ বাস্তবায়নে খরচ হচ্ছে ২২ হাজার কোটি টাকা।
- বিষয় :
- মেট্রোরেল
- ওবায়দুল কাদের
- রাজধানী
