এ. কে. আজাদের শাশুড়ি ফাতেমা বেগমের কুলখানি অনুষ্ঠিত
আজাদ মসজিদের ইমাম মাওলানা ফাহিমুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১ | ০৯:২৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ | ০৯:২৮
হা-মীম গ্রুপ ও টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদের শাশুড়ি ফাতেমা বেগমের কুলখানি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে রাজধানীর গুলশান আজাদ মসজিদে বাদ আসর তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আজাদ মসজিদের ইমাম মাওলানা ফাহিমুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন। কুলখানিতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, হা-মীম গ্রুপের এমডি এ. কে. আজাদ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান ও প্রকাশক আবুল কালাম আজাদ, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, শারমিন গ্রুপের এমডি ইসমাইল হোসেন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকারসহ হা-মীম গ্রুপ, সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আকিদুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম গত শনিবার বিকেল ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি কয়েকমাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। নিউমোনিয়া সংক্রমণের পাশাপাশি তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরে। শনিবারই বাদ এশা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়।
