ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ফেলানীর নামে ভারতীয় দূতাবাসের সড়কের নামকরণ করুন: ডা. জাফরুল্লাহ

ফেলানীর নামে ভারতীয় দূতাবাসের সড়কের নামকরণ করুন: ডা. জাফরুল্লাহ
×

মানববন্ধনে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৯:৫০

ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার শিকার বাংলাদেশি কিশোরী ফেলানীর নামে ঢাকায় দেশটির দূতাবাসের সামনের সড়কের নামকরণের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ভারতীয়দের মনে করিয়ে দিতে হবে যে, অন্যায়কে ভুলে যাইনি। ৯ বছরেও ফেলানী হত্যার কোনো বিচার না হওয়া আমাদের গালে কষিয়ে চড় দেওয়ার মতো। ভারতীয়দের এ ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে 'দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন' আয়োজিত সীমান্ত হত্যা বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফেলানী হত্যার প্রসঙ্গ তুলে ধরে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারতীয় বাহিনী ১৫ বছর বয়সী ফেলানীকে নির্মমভাবে হত্যা করে পাঁচ দিন সীমান্তে ঝুলিয়ে রেখেছিল। এ ঘটনায় বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ জানানো হয়নি।

তিনি আরও বলেন, জনগণের ঐক্যবদ্ধ চেষ্টা ছাড়া ভারতীয়দের এই অন্যায্য কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। ভারতের বিভক্তি আসন্ন। তাদের ধ্বংসলীলা দেখতে থাকুন।

ভারতের সঙ্গে সরকারের নতজানু পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি বলেন, আজ ভারতে যেসব ঘটনা ঘটছে বাংলাদেশে তার কোনো প্রতিবাদ নেই। সরকারের এই নতজানু ব্যবস্থাপনা ক্ষমতায় টিকে থাকার জন্য, যা দেশবাসীর জন্য ভয়ংকর অমঙ্গল ডেকে আনবে।

কুর্মিটোলা হাসপাতাল এলাকার আশপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের নিন্দা জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ক্যান্টনমেন্টের ১০০ গজের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সারাদেশে এমন ঘটনা ঘটছে। এসব ঘটনার অবসান করতে দেশে প্রয়োজন গণতন্ত্র।

মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×