ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

গত বছর যৌন নির্যাতনের শিকার ১৩৮৩ শিশু

গত বছর যৌন নির্যাতনের শিকার ১৩৮৩ শিশু
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৮:৩৪

সদ্য বিদায়ী বছরে এক হাজার ৩৮৩ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ সংখ্যা প্রতি মাসে গড়ে ৮৪ জন।

সার্বিক নির্যাতনের হিসাবে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে শিশুদের প্রতি সহিংসতার হার কমেছে। তবে আশঙ্কাজনক হারে বেড়েছে যৌন নির্যাতনের ঘটনা।

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম প্রকাশিত 'শিশু অধিকার পরিস্থিতি-২০১৯' প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়, শিশুর প্রতি সহিংসতা কমেছে প্রায় ৩৫ শতাংশ। আর যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে ৭০ দশমিক ৩২ শতাংশ। ২০১৯ সালে চার হাজার ৩৮১ শিশু বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়েছে। এক হাজার ৩৮৩টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়। নির্যাতনের শিকার শিশুদের মধ্যে দুই হাজার ৮৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকায় ১১৬ জন। এর পর আছে নারায়ণগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ ও গাজীপুরে। ২০১৯ সালে শিশুহত্যা বেড়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। গড়ে প্রতি মাসে ৩৭ শিশু হত্যার ঘটনা ঘটেছে।

এতে বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে তুচ্ছ ঘটনা, পারিবারিক সহিংসতা, দাম্পত্য কলহ ও বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে শিশুর প্রাণ গেছে। গত পাঁচ বছরের মধ্যে ২০১৯ সালে শিশুহত্যার ঘটনা ছিল সবচেয়ে বেশি। এ বছর ৪৪৮ শিশুকে হত্যা করা হয়েছে। ২০১৮ সালে এ সংখ্যা ছিল ৪১৮।

প্রতিবেদনে শিশু নির্যাতনকে ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো- অপমৃত্যু, যৌন নির্যাতন, অপহরণ, নির্যাতন ও সহিংসতা, আঘাতে মৃত্যু ও বাল্যবিয়ে। ১৫টি জাতীয় দৈনিক পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রকৃত অপরাধের সংখ্যা এর চেয়েও বেশি বলে উল্লেখ করেছে সংস্থাটি।

আরও পড়ুন

×