ঢাবি শিক্ষার্থী ধর্ষণ: মজনুর ডিএনএ পরীক্ষার দাবি মহিলা ফোরামের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মজনু- ফাইল ছবি/সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৮:১১ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ | ১০:৪৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের বিচার দাবি করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা অভিযুক্ত ধর্ষক মজনুর ডিএনএ পরীক্ষারও আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, সন্ধ্যা ৭টার সময় ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এলাকার পাশে রাস্তা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ থেকেই বোঝা যায় সারাদেশে নারীদের নিরাপত্তা বলতে কিছু নেই। বিচারহীনতার রেওয়াজ, আইনের দীর্ঘসূত্রতা, নারীর প্রতি সমাজের নিম্ন দৃষ্টিভঙ্গি ও মাদক-পর্নোগ্রাফির বিস্তারের ফলে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা বর্তমানে মহামারী পর্যায়ে পৌঁছেছে।
বক্তারা আরও বলেন, পুলিশ প্রশাসন বলছে কুর্মিটোলার ওই জায়গাটিতে আগেও ছিনতাইসহ নানা অপরাধমূলক ঘটনা ঘটেছে। সেখানে আলোর স্বল্পতা এবং মাদকাসক্ত ও ভবঘুরেদের আড্ডা সত্ত্বেও পুলিশ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
বক্তারা ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করা, সব ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, মাদক ও পর্নোগ্রাফি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশোসহ সমাবেশে উপস্থিত ছিলেন শম্পা বসু, রুখসানা আফরোজ আশা প্রমুখ।
- বিষয় :
- সমাজতান্ত্রিক মহিলা ফোরাম
