শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত
.
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ১৪:৩১ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ | ১৪:৩১
রাজধানীর উত্তরায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের জন্য ‘চাকরি মেলা-২০২৫’। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খ্যাতনামা কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. শাহ-ই-আলম। এছাড়া অনুষ্ঠানে ব্যবসা অনুষদের ডিন প্রফেসর ড. সোহেল মোস্তফা এবং বিভাগীয় প্রধান প্রফেসর ড. বেহজাদ নুরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
চাকরি মেলায় ব্যাবিলন গ্রুপ, ট্যালেন্ট শাপনার, হামিম গ্রুপ, স্কাইটেক, টালি সলিউশনস বাংলাদেশ, অনন্ত কোম্পানি, আল কিমনে ইন্টারন্যাশনাল এবং আইএফ ভিসা অংশ নেয়।
শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো কোম্পানিতে সিভি জমা দেওয়ার সুযোগ পান। প্রতিষ্ঠানগুলো প্রায় ৪০ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপের সুযোগ দেয়, যা পরবর্তীতে পূর্ণকালীন চাকরির সম্ভাবনা তৈরি করবে।
আলোচনা পর্বে কোম্পানির প্রতিনিধিরা বর্তমান চাকরির বাজারে বিবিএ ও এমবিএ ডিগ্রিধারীদের চাহিদা এবং সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। দিনব্যাপী আয়োজিত এ মেলায় প্রায় ৫০০ জন বিবিএ ও এমবিএ শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানের সমাপনীতে বিভাগীয় প্রধান প্রফেসর ড. বেহজাদ নুর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা দেন এবং অতিথিদের পুরস্কার প্রদান করা হয়। তিনি মনে করেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এ ধরনের কর্মমুখী আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। সংবাদ বিজ্ঞপ্তি
