কিশোর-কিশোরীর পালিয়ে বিয়ে
সম্ভাবনাময় জীবন যেন অঙ্কুরে বিনষ্ট না হয়
প্রতীকী ছবি
মুসাফির পারভেজ
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১৬:৫০ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ১৬:৫৫
দেশে অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের পালিয়ে বিয়ের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। যাদের বয়স এখন পড়াশোনা ও ব্যক্তিত্ব গঠনের, তারা আবেগ ও কল্পনার মোহে ঘর ছেড়ে চলে যাচ্ছে। যে বয়সে তাদের হাতে থাকার কথা বই-খাতা, মা-বাবার কাছ থেকে পারিবারিক শিক্ষা গ্রহণের কথা, সেই বয়সেই তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলছে! বাস্তবতা হলো, তারা এখনও নিজেদের জীবনই সঠিকভাবে পরিচালনা করার মতো পরিপক্ব হয়ে ওঠেনি। একে অপরের দায়িত্ব নেওয়া তো দূরের কথা, নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রেও তারা অনেক সময় সক্ষম নয়। তাদের পরিবারগুলো দিশেহারা। মা-বাবারা নীরবে কাঁদছেন, সামাজিক অপমান ও মানসিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন।
দুঃখজনক বিষয় হলো, শুধু পালিয়ে যাওয়াতেই বিষয়টি শেষ হয় না। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মা-বাবাকে হুমকি দেয়, থানা-পুলিশ করলে তারা বিষ খেয়ে বা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে। সন্তানের অজানা বিপদের আশঙ্কায় মা-বাবা তখন অসহায় হয়ে পড়েন।
এমন অপ্রাপ্ত বয়স্কদের আবেগের মোহ কেটে গিয়ে যখন সংসার জীবনের কঠিন বাস্তবতা সামনে আসে, তখন অনেকেই সেই চাপ সহ্য করতে পারে না। অশান্তি, হতাশা ও মানসিক সংকটে পড়ে কেউ কেউ আত্মহত্যার মতো মর্মান্তিক পথ বেছে নেয়। এভাবে নীরবে ঝরে যায় সম্ভাবনাময় তরুণ-তরুণীর জীবন।
এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ এখনই খুঁজে বের করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক ও ফেসবুকের অপব্যবহার, অপ্রাপ্ত বয়সে অনিয়ন্ত্রিত ডিজিটাল বিচরণ কিশেরার কিশোরীদের আচরণে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অনেকের উদ্বেগ রয়েছে। একই সঙ্গে পরিবারে সময়ের অভাব, মূল্যবোধের চর্চা কমে যাওয়া এবং সচেতনতার ঘাটতিও এই সংকটকে আরও গভীর করছে।
রাষ্ট্রীয়ভাবে এই নীরব সামাজিক সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, পরিবার, সংবাদমাধ্যম ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। কিশোর-কিশোরীদের অল্প বয়সে পালিয়ে বিয়ে করার সামাজিক, শিক্ষাগত ও মানসিক ক্ষতি সম্পর্কে সচেতন করে তুলতে হবে। গ্রাম থেকে শহর, সব পর্যায়ে এটি প্রয়োজন।
কিশোর কিশোরীরা আমাদের ভবিষ্যত। তাদের সম্ভাবনা অসীম। এই সম্ভাবনা নষ্ট করে দিতে পারে পালিয়ে বিয়ের মতো ঘটনা। সেজন্য প্রশাসনকেও কঠোর হতে হবে। আমাদের সম্ভাবনাগুলো যেন অঙ্কুরেই শেষ না হয়।
মুসাফির পারভেজ: যুক্তরাষ্ট্র প্রবাসী
- বিষয় :
- সমাজ