ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স পরীক্ষার ফল প্রকাশ

চট্টগ্রামে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স পরীক্ষার ফল প্রকাশ
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ২২:০৭

পরীক্ষার ১৫ দিন পর চট্টগ্রামে অনুষ্ঠিত সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং) এজেন্ট লাইসেন্স পরীক্ষার ফল প্রকাশ করা হলো। সোমবার প্রকাশিত ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১০ জন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাঁরা চূড়ান্তভাবে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স পাবেন।

গত ১৬ মে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশে ২৪ ঘণ্টার বাধ্যবাধকতা রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। 

প্রসঙ্গত, প্রায় ২৬ বছর পর নতুন করে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ ১৯৯৯ সালে এই লাইসেন্স দেওয়া হয়েছিল।

লাইসেন্স প্রদান কমিটির প্রধান এবং চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক ম. সফিউজ্জামান জানান, ফল প্রকাশে ২৪ ঘণ্টার বাধ্যবাধকতা সম্পর্কে তিনি অবহিত নন। ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতামত ও অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পর ফল প্রকাশ করা হয়েছে। 

তিনি আরও জানান, লিখিত পরীক্ষায় ৮০ নম্বরের মধ্যে ৪০-এর বেশি নম্বর পাওয়া ২১০ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় পাসের হার ৮ দশমিক ২৬ শতাংশ।

জানা যায়, এবার লাইসেন্সের জন্য ৩ হাজার ৫৯টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ২ হাজার ৫২১টি আবেদন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য আবেদন করেছিলেন ১ হাজার ৭০০ জনের বেশি। বৈধ আবেদনকারীরাই তিন ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নেন।

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, ‘ফল প্রকাশ হওয়াটা ইতিবাচক। তবে এত বিলম্ব হলো কেন, সেটা আমার জানা নেই।’ 

আরও পড়ুন

×