চট্টগ্রামে ডায়রিয়ায় বৃদ্ধের মৃত্যু, কারণ অনুসন্ধানে চসিক
লোগো
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২০:৪১ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ২১:৩১
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর এলাকায় ডায়রিয়ায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ডায়রিয়ায় দুদিনে ২০-৩০ জন আক্রান্ত হয়েছে।
এদিকে, অপরিষ্কার পানির ট্যাঙ্ক থেকে ডায়রিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা আজ সন্ধ্যায় জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকা ট্যাঙ্কের পানি থেকেই ডায়রিয়ার সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। আজ শনিবার সকালে সিটি করপোরেশনের একটি মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করে পানির উৎস পরীক্ষা করেছে। পাশাপাশি তারা আক্রান্ত বাসিন্দাদেরও বক্তব্য নিয়েছে। বর্তমানে হাসপাতালে কয়েকজন চিকিৎসাধীন।
চন্দ্রনগর এলাকার বাসিন্দারা জানান, বায়েজিদের চন্দ্রনগর এলাকার বাবুলের কলোনিতে গত বৃহস্পতিবার রাতে কয়েকজন আক্রান্ত হন। পরদিন আবদুল মতিন (৭৫) নামে এক বৃদ্ধ অসুস্থ হন। তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডায়রিয়ার পাশাপাশি তিনি নানা রোগে ভুগছিলেন। আক্রান্তদের মধ্যে অন্তত ১৫ জনকে বায়েজিদ এলাকার দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া অন্তত ১০ জন চিকিৎসা নিয়েছেন চমেক হাসপাতালে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘বায়েজিদের চন্দ্রনগর এলাকার বাবুলের কলোনিতে কয়েকজন পানিবাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জেনেছি আমরা। এরই মধ্যে একজন মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমরা চট্টগ্রাম ওয়াসার সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন, ওই এলাকায় ওয়াসার কোনো পানির সংযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘এ অবস্থায় কী কারণে বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য স্বাস্থ্য বিভাগের স্যানিটেশন কর্মকর্তাদের একটি টিম ওই এলাকা পরিদর্শন করেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি আমরা।’
- বিষয় :
- চট্টগ্রাম
- স্বাস্থ্য বিভাগ