ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ

চট্টগ্রাম বন্দরে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ
×
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২২:২৯

নিজস্ব অর্থায়ন ছাড়াই সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের বিভিন্ন ভবন ও শেডের খালি ছাদে সৌর প্যানেল বসিয়ে ৮ দশমিক ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। বেসরকারি বিনিয়োগে বাস্তবায়িত এ প্রকল্প থেকে বিদ্যুৎ কিনে আগামী ২০ বছরে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

পরিবেশবান্ধব ও টেকসই বন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে গ্রিন পোর্ট ইনিশিয়েটিভের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভ লিমিটেডের (জিজিআই) চুক্তি হয়েছে। বন্দরের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান এবং জিজিআইর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম চুক্তিতে সই করেন।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিনিয়োগে অপারেটিং এক্সপেন্স বা ওপেক্স মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।’ জিজিআই নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ কেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, নির্মাণ, পরীক্ষা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। ফলে প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে শুরুতে কোনো মূলধনী বিনিয়োগ করতে হবে না।

তিনি আরও জানান, ‘প্রকল্পটির আরেকটি লক্ষ্য জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো এবং কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখা। ভবিষ্যতে নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে।’

আরও পড়ুন

×