প্রথম থেকেই বিএনপির চেষ্টা ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৫২
বিএনপি শুরু থেকেই ঢাকা সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রথম থেকেই বিএনপির চেষ্টা ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নির্বাচন চলাকালীন তারা নানা অভিযোগ করবে, বিকেলে বেলা করবে, সন্ধ্যা বেলাও করবে। এগুলো গঁদবাধা অভিযোগ। সব সময় তারা এটি করে আসছে। খবর বাসসের
তিনি বলেন, 'সার্বিক বিবেচনায় ঢাকা শহর পৃথিবীর অন্যতম বড় শহর, যেখানে ৫৪ লাখ ভোটার রয়েছে। এই শহরে নির্বাচনী আমেজ ছিল প্রচারণার সময়। মানুষ যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটারধিকার প্রয়োগ করেছে- আমি মনে করি, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচনী পরিবেশ ভালো।'
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, শীতে সকাল ৮টা অনেক সকাল। আর একই সঙ্গে শনিবার বন্ধের দিন। বন্ধের দিনে মানুষের মাঝে একটা ছুটির আমেজ থাকে। সেই কারণে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে।
দায়িত্ব পালনের সময় সাংবাদিককে মারধরের ব্যাপারে তিনি বলেন, 'নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক আহত হওয়া, বাধাগ্রস্থ হওয়া কোনো ভাবেই সমুচিন নয়, আমরা সেটা সমর্থন করি না। নির্বাচন কমিশনকে এ বিষয়টি দেখার আহ্বান জানান তিনি।'
ইভিএম নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ইভিএম মেশিন নিজেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করে। ফিংগার প্রিন্ট না মিললে কারো পক্ষেই ইভিএমে অন্যের ভোট দেওয়া সম্ভব নয়।
