ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১০০ বছরের মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন: হানিফ

১০০ বছরের মধ্যে শান্তিপূর্ণ নির্বাচন: হানিফ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:৪৯

শনিবার অনুষ্ঠিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

তিনি বলেন, বাংলাদেশের ১০০ বছরের নির্বাচনের ইতিহাসে এমন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনও দেখা যায়নি।

শনিবার সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘এত শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনা করে, আজকে যখন শান্তিপূর্ণ ভোট হয়েছে, সেই ভোটের পরে বিএনপি তাদের পরাজয়ের আশঙ্কায় আগেভাগে কিছু অভিযোগ করার জন্য এই সমস্ত নির্লজ্জ মিথ্যাচার করেছে। বিএনপি অভিযোগ করেছে, তাদের পোলিং এজেন্টদের ভয়-ভীতি দেখানো হয়েছে, মারধর করা হয়েছে। এগুলো ডাহা মিথ্যা কথা।’

তিনি বলেন, ‘আজকে যে সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার মনে হয়, বাংলাদেশে গত ১০০ বছরের যেকোনো নির্বাচনকে যদি পর্যবেক্ষণে আনা যায়, তাহলে এই রকম অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ-উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনো দেখা গিয়েছে কি না- এটা আমার সাংবাদিক বন্ধুরাই ভালো বলতে পারবেন।’

কোথায় বিএনপির পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে? কোথায় বের করে দেয়া হয়েছে? বলেও সংবাদ সম্মেলন প্রশ্ন তুলেন হানিফ। 

মোহাম্মদপুরে এক সাংবাদিকের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, একটা ঘটনার কথা আমাদের কানে এসেছে। মোহাম্মদপুরে একজন সাংবাদিকের সঙ্গে কিছুটা গোলযোগ হয়েছে। সেটা বিএনপি সমর্থিত একজন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে। এটার সঙ্গে সরকারদলীয় কোনো ওয়ার্ড কাউন্সিলর বা সরকারদলীয় কোনো মেয়র প্রার্থী নেই। 

আরও পড়ুন

×