ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি ঢাবি শিক্ষক-শিক্ষার্থীদের
×

প্রতীকী ছবি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ০৯:১৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ | ০৯:২২

সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটির নির্বাচনের নির্ধারিত তারিখ পরিবর্তনের দাবিতে আবারও রাস্তায় নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার সকালে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে নির্বাচনের তারিখ পরিবর্তনসহ আগামীতে এমন ঘটনা যেন না ঘটে, সে জন্য আইন তৈরি বা নির্বাচনী বিধিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

মানববন্ধনে সংস্কৃত বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক অসীম সরকার বলেন, সরস্বতী পূজায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একটা ধর্মীয় উৎসবে অংশ নিয়ে আনন্দ করে। সেই পূজার দিন সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন- আশা করব, নির্বাচন কমিশন আমাদের অনুভূতির সঙ্গে একাত্মতা পোষণ করে নির্বাচনের তারিখ পরিবর্তন করবে।

বিভাগের চেয়ারপারসন নমিতা মণ্ডল বলেন, আবহমান বাংলার ইতিহাস অসাম্প্রদায়িকতার ইতিহাস। 'ধর্ম যার যার উৎসব সবার' মতবাদে বিশ্বাসী বাঙালি সবসময়ই ধর্ম-জাতি-বর্ণের ঊর্ধ্বে থেকে ধর্মীয় উৎসবগুলো পালন করে আসছে। বর্তমানে নীতিনির্ধারকদের সিদ্ধান্তে আমরা বিচক্ষণহীনতা দেখতে পাচ্ছি। সরস্বতী পূজার দিন সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইসি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে পীড়নের বীজ বপন করছে। ইসির এ ধরনের সিদ্ধান্তের পেছনের কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখা প্রয়োজন।

পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রতন চন্দ্র ঘোষ বলেন, ৩০ জানুয়ারি আমরা পূজা করব নাকি ভোট দেব? পূজার জন্য অনেক আয়োজন থাকে। সেগুলো আগের দিন থেকে করতে হয়। নির্বাচন হলে তা সম্ভব না। আমরা চাই, এই দিন পরিবর্তন হোক। মানববন্ধনে শিক্ষকরা পূজার দিনে ভোটের তারিখ নির্ধারণ সংবিধানের ৪১নং অনুচ্ছেদে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে জানান।

মানববন্ধন শেষে তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করেন।

আরও পড়ুন

×