ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চট্টগ্রামে বৈদ্যুতিক শক-মারধরে যুবকের মৃত্যুতে মামলা, ২ আসামি কারাগারে

বিসিক শিল্প এলাকায় গুলির ঘটনায় তিনদিনেও মামলা হয়নি

চট্টগ্রামে বৈদ্যুতিক শক-মারধরে যুবকের মৃত্যুতে মামলা, ২ আসামি কারাগারে
×

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০২:৫৬

চট্টগ্রাম মহানগরের রেলওয়ে পাবলিক হাই স্কুলে চুরির অভিযোগে আটক এক মেকানিককে মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে মো. জয়নাল নামে এক ব্যক্তিকে আটক করে স্কুলের দপ্তরি সমির দাশ ও দারোয়ান মো. আজাদের নেতৃত্বে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এতে জয়নালের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধারে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় গত সোমবার নগরের কোতোয়ালী থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড হয়। মামলার আসামিরা হলেন স্কুলের দপ্তরি সমির দাশ, দারোয়ান মো. আজাদ, মালি জিগার দাশ ও মো. জাফর।

মামলার পর সমির দাশ ও মো. আজাদকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। কোর্ট পুলিশের এসআই মো. মনিরুজ্জামান জানান, দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

অন্যদিকে, নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানা লক্ষ্য করে প্রকাশ্যে গুলির ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে বিসিক শিল্প এলাকার ‘ইয়ুনেস্কো’ পোশাক কারখানার সামনে পাঁচজনের একটি সশস্ত্র দল অবস্থান নেয়। তারা প্রথমে কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে। একপর্যায়ে দলের একজন সড়কে এসে কোমর থেকে পিস্তল বের করে কারখানার দিকে গুলি ছোড়ে। পরে হাত উঁচিয়ে আরও দুই রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শিল্প এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক কারখানার সামনে থেকে সড়কে এসে প্রথমে কারখানার দিকে তাক করে গুলি ছোড়েন। পরে সড়ক ধরে হাঁটতে হাঁটতে পিস্তল উঁচিয়ে আবার গুলি করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, গুলির ঘটনার সত্যতা প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। কারখানা কর্তৃপক্ষকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও এখনো কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি। এ কারণে মামলাও রেকর্ড করা যায়নি।

পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিসিক শিল্প এলাকায় কয়েক দফা গুলির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

×