ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
×

ছবি : সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০১:৫০

রংপুর নগরীর একটি আবাসিক হোটেলের ৯ তলার ছাদ থেকে পড়ে নুজসাত (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার আগে নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত হোটেল নর্থ ভিউয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর খলিফাপাড়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন। নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি গ্রামের নজরুল ইসলামের মেয়ে নুজসাত।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার কিছু আগে নুজসাত হোটেলের ৯ তলার ছাদে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। এ সময় তাঁকে ছাদে হাঁটাহাঁটি করতে এবং মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, বিকেল পৌনে ৬টার দিকে বোরকা পরিহিত নুজসাত ছাদ ঘিরে থাকা নিরাপত্তা রেলিংয়ের ওপর উঠে বসেন। কয়েক সেকেন্ড পরই তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর হোটেলের নিচে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে ওই সময় নুজসাতের আশপাশে অন্য কাউকে দেখা যায়নি। তবে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেছেন, নাকি আত্মহত্যার উদ্দেশ্যে রেলিংয়ে উঠেছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, ঘটনাটি রহস্যজনক। মেয়েটি রেলিংয়ে বসার পর ভারসাম্য হারিয়ে পড়ে গেছে, নাকি আত্মহত্যার উদ্দেশ্যে সেখানে উঠেছিল তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

×