ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইপিএল ফাইনাল

গুজরাটের বোলিং নাকি বেঙ্গালুরুর ব্যাটিং

গুজরাটের বোলিং নাকি বেঙ্গালুরুর ব্যাটিং
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৬:৩৫

বিশ্বের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ রাত ৮টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক্রিকেটবিশ্ব আজ সাক্ষী হতে যাচ্ছে এক রুদ্ধশ্বাস ফাইনালের।

নিজেদের ঘরের মাঠে ফাইনাল খেলার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত গুজরাট টাইটান্স। তবে ফাইনালের আগে এক অনাকাঙ্ক্ষিত ঝামেলার মুখে পড়তে হয়েছে দলটিকে। কোয়ালিফায়ার-২ এর ভেন্যু চন্ডীগড় থেকে আহমেদাবাদে আসার পথে ভারী বৃষ্টির কারণে তাদের বিমানের সূচিতে বিপর্যয় ঘটে। যাত্রা বিলম্বিত হওয়ায় ফাইনালের আগে অনুশীলনের জন্য খুব অল্প সময়ই পায় গুজরাট।

একটা সময় আইপিএলের নিয়ম ছিল পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়নের ঘরের মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে। আগে সেই নিয়ম থাকলেও এখন সেটি বদলে গেছে। আগের নিয়ম অনুযায়ী হোম ভেন্যুর সুবিধা পাওয়ার কথা ছিল আরসিবির। কিন্তু নিয়ম বদলে যাওয়ায় সুবিধা পাচ্ছে গুজরাট।

হোম ভেন্যুর সুবিধা হাতছাড়া হলেও বেঙ্গালুরু সহজে হাল ছাড়ার পাত্র নয়। বিশেষ করে দলটির টপ-অর্ডার ব্যাটারদের ফর্ম এখন রীতিমতো উড়ছে। প্লে-অফের নকআউট ম্যাচে রেকর্ড স্কোর গড়ে ফাইনালে পা রাখা আরসিবিকে মানসিকভাবে বেশ চাঙ্গা রাখছে। যদিও চলতি আসরে ঘরের বাইরে ৭ ম্যাচের মাত্র ৩টিতে জয় পেয়েছে তারা। এর ওপর গ্রুপ পর্বে এই আহমেদাবাদেই গুজরাটের বোলিং তোপে মাত্র ১৫৫ রানে অলআউট হয়েছে তারা। তবে এই পরিসংখ্যান তাদের সম্ভাবনার ওপর বড় কোনো বাধা নয় যদি তাদের ম্যাচ উইনাররা নিজেদের সেরাটা দিতে পারে। ১৮ বছর ধরে শিরোপা না জেতার দীর্ঘ অপেক্ষার পর এবার বেঙ্গালুরুর সামনে সুযোগ এসেছে টানা দুইবার শিরোপা জয়ের ইতিহাস গড়ার।

ফাইনালে গুজরাট টাইটান্সের তুরুপের তাস হতে যাচ্ছে তাদের পেস আক্রমণ। কাগিসো রাবাদা ও মোহাম্মদ সিরাজের নতুন বলের জুটি টুর্নামেন্টের যেকোনো ব্যাটিং লাইনআপের জন্যই আতঙ্কের নাম। বিশেষ করে পাওয়ারপ্লে-তে এই দুই পেসারের আক্রমণাত্মক বোলিং গুজরাটকে শুরুতেই সুবিধা দিয়ে দিচ্ছে।

তাদের বোলিং স্ট্রাইক রেট ও ইকোনমি লিগে অন্যতম সেরা। ঘরের মাঠে এই পারফরম্যান্স আরও দুর্দান্ত। এই মৌসুমে তাদের বোলিং স্ট্রাইক রেট ১৬, যা টুর্নামেন্টের সেরা। ইকোনমি রেট ৯.৪৯ হলেও হোম ভেন্যুতে তা আরও দুর্দান্ত। যেখানে স্ট্রাইক রেট নেমে আসে ১৩.৫ এবং ইকোনমি ৮.৭২।

অন্যদিকে আরসিবির আশার জায়গা তাদের ব্যাটিং লাইনআপের ধারাবাহিকতা। একাধিক ম্যাচে টপ অর্ডারের ব্যাটাররা বড় ইনিংস খেলেছে। বিশেষ করে প্লে-অফে তাদের রেকর্ড স্কোর দলকে আত্মবিশ্বাস দিয়েছে। সব মিলিয়ে ফাইনালটি হতে যাচ্ছে শক্তি বনাম ভারসাম্যের এক লড়াই। একদিকে গুজরাটের শক্তিশালী বোলিং, অন্যদিকে আরসিবির বিস্ফোরক ব্যাটিং।

আরও পড়ুন

×