বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২১:২৭
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে। আজ এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, তাদের বর্তমান নির্বাচন প্রক্রিয়া আগামী ৭ জুন শেষ হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন সম্পন্ন হওয়ার পরই মূলত আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কারা থাকছেন, তা চূড়ান্ত করা হবে।
এদিকে আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে পারে বলেও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। সফরকালে এই প্রতিনিধিদলটি বিসিবির নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে আলোচনা করবে এবং মাঠপর্যায়ের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।
বিসিবির মতে, প্রতিনিধিদলের সংগ্রহ করা এসব তথ্য পরবর্তীতে আইসিসি বোর্ডকে সামগ্রিক পরিস্থিতি অবহিত করার কাজে ব্যবহার করা হবে। তবে প্রতিনিধিদলের সফরের নির্দিষ্ট সূচি বা বৈঠকের বিস্তারিত বিষয়ে কোনো তথ্য জানায়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
- বিষয় :
- বিসিবি
- আইসিসি
- বিসিবি নির্বাচন
